বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রত্যেক জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি বিএনপির আস্থা ও সম্মান রয়েছে। ভাষার বহুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ এবং উন্নয়নে যথাযথ ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব। ক্ষমতায় গেলে বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সব অধিকার প্রতিষ্ঠা করবে।
শনিবার (৩০ আগস্ট) বিকালে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক-অর্থনৈতিক অধিকার ও জীবনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি এটিই বিএনপির অঙ্গীকার।
সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ দানবীয় ফ্যাসিস্ট শাসনের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।তিনি বলেন, “একটি উগ্রবাদী গোষ্ঠী নির্বাচন বানচালের চক্রান্ত করছে, বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।
আমাদের দায়িত্ব হবে ঐক্যবদ্ধ থেকে ঠিক যেমন ১৯৭১ সালে আমরা স্বাধীনতার জন্য লড়েছিলাম, তেমনি অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া।”জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামসহ বিএনপি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, মানবাধিকারকর্মী হিরামন হেলেনা তারাং, রিপন চন্দ্র বানাই, প্রশান্ত কুমার সিংহসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে তরুণীদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ উদ্বোধন করা হয়। পরে বিএনপির পক্ষ থেকে নারীদের মধ্যে ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। দেশের সমতল অঞ্চলের ১২টি জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এবং শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।